সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণ করতে হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে। যাত্রীর অসুস্থতার ধরন বা তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিজি-২০১ ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটের ক্যাপ্টেন জরুরি ভিত্তিতে ইস্তাম্বুলে অবতরণের সিদ্ধান্ত নেন।
ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট ট্রেনিং, ক্যাপ্টেন সাজ্জাদুল হক।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইটটি বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে উড্ডয়ন করে এবং লন্ডনে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। তবে যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ইস্তাম্বুল স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে পুনরায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (আইন ও জনসংযোগ) মো. আল মাসুদ খান বলেন, “ফ্লাইটের যাত্রী শাহ শামসুন নেহার রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড ‘মেডিক্যাল এমারজেন্সি’ ঘোষণা করেন এবং দ্রুত ইস্তাম্বুল বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। সেখানে ওই অসুস্থ যাত্রী ও তার সঙ্গে থাকা আরও দুইজন সম্মানিত যাত্রী ফ্লাইট থেকে নেমে যান।”


