ইংল্যান্ডের চেস্টার সিটির ৮০৮তম লর্ড মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কন্যা শিরিন আক্তার। তিনি ইংল্যান্ডের প্রথম হিজাবধারী বাংলাদেশি মুসলিম নারী লর্ড মেয়র।
গত শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি লর্ড মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।
শিরিন আক্তার নর্থ ইংল্যান্ডের চেস্টার সিটির বাসিন্দা। তার পিতামাতা শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের বাসিন্দা।
২০২৩ সালের ৪ মে লেবার পার্টির প্রার্থী হিসেবে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম বাংলাদেশি মুসলিম কাউন্সিলর নির্বাচিত হন শিরিন। এরপর তিনি ডেপুটি লর্ড মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং চলতি বছর পূর্ণ লর্ড মেয়র পদে উন্নীত হন।
চেস্টারের ইতিহাসে প্রথম বাংলাদেশি লর্ড মেয়র নির্বাচিত হয়ে অনুভূতি প্রকাশ করে শিরিন বলেন, “এটি আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি চাই ভালোভাবে দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করতে।”
তিনি আরও বলেন, “তরুণদের রাজনীতিতে আসা জরুরি। আমি বিশ্বাস করি তারা ভালো করবে।”
এক ছেলে ও এক মেয়ের জননী শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও শৈশবে সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


