উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে নিখোঁজ হয়েছে—এমন খবর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ২১০ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবগামী ওই বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি বিধ্বস্ত হয়েছে।
তবে মৌরিতানিয়া এয়ারলাইন্স এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, “সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। হজ উপলক্ষে নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি।”
সংস্থাটি আরও জানায়, ২৩, ২৪ ও ২৫ মে তিনটি ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়েছে। ফিরতি ফ্লাইট নির্ধারিত হয়েছে ১২, ১৩ ও ১৪ জুন।
ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মৌরিতানিয়া এয়ারলাইন্স বলেছে, “ভিত্তিহীন গুজব যাত্রীদের নিরাপত্তা এবং আমাদের সুনামের জন্য হুমকি। আমরা প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।”
এদিকে, সংবাদ সংস্থা MASDR এক্স প্ল্যাটফর্মে জানায়, “লোহিত সাগরে কোনো বিমান দুর্ঘটনার খবর সত্য নয়। প্রচারিত ভিডিওটি ভুয়া এবং ঘটনাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই।”
উল্লেখ্য, একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং কেউ কেউ আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছেন—ভিডিওটি যে সত্য নয়, তাও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


