মুখোমুখি সংঘর্ষের শঙ্কা! সামনে আরেকটি বিমান। মুহূর্তের সিদ্ধান্তে মাঝ আকাশেই বিমানের উচ্চতা হঠাৎ কয়েকশ ফুট কমিয়ে আনলেন পাইলট। প্রাণ বাঁচল শতাধিক যাত্রীর, তবে এ সময় অনেকে আসন থেকে ছিটকে পড়েন, দুই ক্রু সদস্য আহত হন।
গত শুক্রবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এয়ারলাইন্স ‘সাউথইস্ট এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক থেকে লাস ভেগাসের উদ্দেশে যাত্রা করেছিল।
আকাশে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই, সামনে থাকা একটি হকার হান্টার এমকে৫৮ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে পাইলট আকস্মিকভাবে বিমান নিচে নামিয়ে আনেন।
এতে যাত্রীদের অনেকে আসন থেকে ছিটকে পড়ে বিমানের ছাদের সঙ্গে আঘাত পান। দুইজন কেবিন ক্রু আহত হলেও কোনো যাত্রী গুরুতরভাবে আহত হননি।
ঘটনার বর্ণনা দিয়ে মার্কিন কমেডিয়ান জিমি ডোর মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ লিখেছেন, “বিমানটি হঠাৎ এমনভাবে নিচে নেমে আসে যে যাত্রীরা ছিটকে গিয়ে সিলিংয়ে আঘাত করেন। এক ভয়ানক অভিজ্ঞতা!”
পরে পাইলট যাত্রীদের জানান, সংঘর্ষ এড়াতে অনবোর্ড ট্রাফিক এলার্ট সিস্টেমের (TCAS) সতর্কবার্তা অনুযায়ী তাঁকে ঝুঁকিপূর্ণ ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্যমতে, ওই একই সময়ে একই আকাশপথে ছিল একটি বেসরকারিভাবে পরিচালিত যুদ্ধবিমান, যেটির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ছিল।
সবকিছু নিয়ন্ত্রণে আনার পর বিমানটি নির্ধারিত গন্তব্য লাস ভেগাসে নিরাপদে অবতরণ করে।



