মিশরে বাংলাদেশি শিক্ষার্থীর করুণ পরিণতি, নোটে ছিল হতাশার ভার

মিশরের খ্যাতনামা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) বিকেলে রাজধানী কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এই তথ্য নিশ্চিত করেছেন মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন ‘ইত্তিহাদ’-এর একজন ছাত্রনেতা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘটনার সময় রিয়াজের স্ত্রী সন্তানকে নিয়ে কায়রোর দাররসা এলাকায় একটি ব্যাংকে গিয়েছিলেন টাকা তুলতে। এই সুযোগে একাকী বাসায় থাকা অবস্থায় রিয়াজ আত্মহত্যা করেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা রিয়াজ উদ্দিন পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ-মিশরের মধ্যে আমদানি ও রপ্তানি ব্যবসায় যুক্ত ছিলেন। তবে পরে তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

Travelion – Mobile

আত্মহত্যার আগে রিয়াজ একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, “রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, ব্যাংকিং জটিলতা এবং আমদানি-রপ্তানিতে প্রতিবন্ধকতার কারণে আমার ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও লেখেন, কিছুদিন আগে স্ত্রীর জটিল অস্ত্রোপচারে ৮০ লাখ টাকার মতো ব্যয় হয়, যার ফলে তিনি প্রায় সাড়ে ৩ কোটি টাকার ঋণে পড়ে যান। এসব কারণেই তিনি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।

Diamond-Cement-mobile

স্ত্রীর উদ্দেশে রিয়াজ লিখেছেন, যদি তার মৃত্যু মিশরেই ঘটে, তবে যেন তাকে এখানেই দাফন করা হয়। তবে বাংলাদেশে অবস্থানরত তার পরিবার ও স্বজনরা মরদেহ দেশে এনে নিজ এলাকায় দাফনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঘটনার পর কায়রো পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। রিয়াজের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ সুইসাইড নোট ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে।

রিয়াজ উদ্দিনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাস কর্মকর্তা, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এবং মিশর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

রাষ্ট্রদূত ইতোমধ্যে কায়রোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিয়াজের মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং পরিবারের পাশে দাঁড়াতে সব ধরনের অফিসিয়াল সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!