মিশরে আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বাংলাদেশ
উপমহাদেশের বিখ্যাত ইসলামি মনীষী ও ফকীহ ইমাম আহমদ রেজা খান বেরেলভী (রহ.)-এর জীবন ও চিন্তাধারা নিয়ে মিশরে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলন।
গত শুক্রবার (১ আগস্ট) মিশরের রাজধানী কায়রোর নাদি-ইল-সিক্কার গোল্ডেন হলে এই সম্মেলনের আয়োজন করে ‘আ’লা হজরত একাডেমি’। স্পেনের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নকীব হাসান আন্দালুসির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মিশরের জাতীয় সংগীত বাজানো হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রভিত্তিক আল-কুরআন একাডেমির মহাপরিচালক ড. সাইয়েদ এরশাদ আহমাদ আল বুখারী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিশরের ক্বারী কারীম জিদান এবং নাত পরিবেশন করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউর রহমান আহমদী।
আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন রাকিব আল হাসান আজহারী এবং একাডেমির চেয়ারম্যান হাসান মাসউদ আজহারী।
সম্মেলনের বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, মিশরে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. ইসমাইল হোসাইন, মিশরের ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র শায়খ ড. আহমাদ সামির কিন্দির আল আজহারী, আলেক্সজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইয়াহইয়া কিত্তানি, ইসলামিক চিন্তাবিদ শায়খ মাহমুদ ইয়াহিয়া আল আজহারী, ভারতের ইমাম মাতুরিদী ইনস্টিটিউটের ডিন মোহাম্মদ ইসমাইল আজহারী, আ’লা হজরত একাডেমি ভারতের গবেষক শায়খ গোলাম ইয়াসিন নূরী
বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. ইসমাইল হোসাইন দূতাবাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “ইমাম আহমদ রেজা বেরেলভীর চিন্তা-ভাবনা মানুষকে আত্মিকভাবে শুদ্ধ করে একজন ভালো মানুষে পরিণত হতে সাহায্য করে। বর্তমান বিশ্বে যেসব অস্থিরতা ও সমস্যা চলছে, সেগুলোর সমাধানে তাঁর মতাদর্শ অনুপ্রেরণা হতে পারে।”
তিনি আরও বলেন, কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সম্মেলনের শেষে ড. এরশাদ আহমাদ আল বুখারীর পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়। সেখানে মুসলিম বিশ্বের শান্তি ও বিশেষভাবে গাজার নির্যাতিত মানুষের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে মিশরস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্য, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশি শিক্ষার্থী সংগঠন ‘ইত্তিহাদ’-এর নেতারা এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক অতিথি যোগ দেন।
আয়োজকরা মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মেলনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।


