মালয়েশিয়ায় বান্ধবীসহ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী খুন
মালয়েশিয়ায় দুর্বৃত্ত হাতে নৃশংসভাবে খুন হয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ি নজরুল ইসলাম। পরিবারের অভিযোগ, স্থানীয় ব্যবসায়িক অংশীদারের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।
পরিবারের দাবি, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার মরদেহটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় তার সঙ্গে থাকা বান্ধবী বাংলাদেশি কোহিনুর বেগমকেও হত্যা করা হয়।
জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে নজরুল ইসলাম ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি একটি খামার গড়ে তোলেন, যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি কুকুর-বিড়ালও পালতেন। এই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নজরুল। খামারের গরু-ছাগল বিক্রি করে সবকিছু গুছিয়ে নিছিলেন।
নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের আগেই জানিয়েছিল, নজরুলের ব্যবসায়ীক অংশীদারের সঙ্গে সমস্যা চলছে।
কয়েকবার নাকি তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা বারবার বলেছিলাম, সব ছেড়ে দিয়ে দেশে চলে আসতে। সে বলেছিল, আর কিছুদিন পর সবকিছু গুছিয়ে চলে আসব। এভাবে আমার ভাইকে হারাতে হবে তা কিছুতেই মানতে পারছি না।’
নিহতের ভাগ্নি সাদিয়া ইসলাম মীম বলেন, ‘মামা আমাকে বলেছিল, আমি সব বিক্রি করে দিয়েছি।
খুব দ্রুত দেশে ফিরে আসব। তোমার জন্য অনেক কিছু নিয়ে আসব। সেই কথাগুলো এখনো আমার কানে বাজছে। আমরা আর কিছু চাই না, আমার মামা হত্যার বিচার হোক। তার মরদেহ যেন আমরা দেখতে পাই, শেষবারের মতো বিদায় জানাতে পারি।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ওসি জেল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি দেশের বাইরে সংঘটিত হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত হবে।’
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


