মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের সেমেন্যিহ ও কাজাং এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শিল্প এলাকা ও নির্মাণস্থলে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে সেলাংগরের সেমেন্যিহ শিল্পাঞ্চলের চারটি স্থানে অভিযান চালানো হয়। পরে কাজাংয়ের সুংগাই লং এলাকার একটি নির্মাণস্থলেও অভিযান পরিচালিত হয়।
অভিবাসন বিভাগ জানায়, গত দুই সপ্তাহে পাওয়া জনসাধারণের অভিযোগ এবং পুত্রজায়ায় অবস্থিত অভিবাসন সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অভিবাসন বিভাগের ১১০ জন কর্মকর্তা অংশ নেন। তাদের সঙ্গে মালয়েশিয়ার কোম্পানি কমিশন (SSM), জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) ও শ্রম বিভাগ (JTK) সহযোগিতা করে।
অভিযান চলাকালে মোট ২১৬ জন ব্যক্তির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮৯ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ২৭ জন স্থানীয়। যাচাই শেষে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার ১৭১ জন নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২৯ থেকে ৫০ বছরের মধ্যে।
অভিবাসন বিভাগ জানায়, আটক ব্যক্তিরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অবৈধভাবে অবস্থান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এ ছাড়া অভিযানে সহযোগী সংস্থাগুলো সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির বিরুদ্ধে মোট ১৫ হাজার রিঙ্গিত জরিমানা এবং ৫০০ রিঙ্গিতের একটি সমন জারি করেছে। তদন্তের প্রয়োজনে পাঁচজন মালয়েশীয় নাগরিককেও সাক্ষী হিসেবে সমন দেওয়া হয়েছে।
আটক সব বিদেশি নাগরিককে পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) জানায়, অবৈধভাবে অবস্থান, অতিরিক্ত সময় থাকা কিংবা ভিসার অপব্যবহারের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


