মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

চলতি বছর পরিচালিত অভিযানে

চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৩ হাজার ৬৭৮টি অভিযানের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন।

তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০ হাজার ৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তান্তরের মাধ্যমে আরও ৪১ হাজার ৩৫৭ জনকে আটক করা হয়।

Travelion – Mobile

অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক—১৫ হাজার ৩৮৫ জন। এরপর বাংলাদেশি ১১ হাজার ১০৫ জন, মিয়ানমারের ৯ হাজার ৭৮৯ জন, ফিলিপাইনের ৪ হাজার ৩৬৫ জন, পাকিস্তানের ২ হাজার ৪৯৭ জন, ভারতের ১ হাজার ৬৩০ জন, থাইল্যান্ডের ১ হাজার ৪৯৩ জন, চীনের ১ হাজার ৩৮ জন, ভিয়েতনামের ৯০৯ জন এবং নেপালের ৭৬৯ জন নাগরিক। বাকিরা বিভিন্ন দেশের।

অন্যদিকে, অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হওয়া মালিকদের মধ্যে সবচেয়ে বেশি স্থানীয় নাগরিক—২ হাজার ১২ জন।

Diamond-Cement-mobile

এছাড়া বাংলাদেশি ৩৪ জন ও ইন্দোনেশীয় ২১ জন মালিককেও আটক করা হয়েছে। পাকিস্তান, চীন, থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক মালিকরাও এই তালিকায় রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণভাবে অবস্থান এবং কাজের অনুমতির অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রাপ্ত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশি শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে এসব অভিযান চালানো হয়।

দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, “অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনকারী মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কঠোর ও প্রতিশ্রুতিবদ্ধ।”

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!