মালদ্বীভিয়ান এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর বিধিনিষেধ

মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদ্বীভিয়ান এয়ারলাইন্স তাদের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

আগামী রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে সম্ভাব্য অগ্নিকাণ্ড এবং শর্ট সার্কিটের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় যাত্রী, ক্রু এবং বিমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Travelion – Mobile

নতুন নীতিমালা অনুযায়ী, যাত্রীরা সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারবেন, যার ক্ষমতা ১০০ ওয়াট ঘণ্টা (Wh) এর বেশি হওয়া যাবে না। এগুলো ওভারহেড বিন বা চেক-ইন লাগেজে রাখা যাবে না। বরং যাত্রীকে এটি সিটের নিচে, সিট পকেটে অথবা হ্যান্ড ব্যাগে বহন করতে হবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Diamond-Cement-mobile

ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক থেকে ডিভাইস চার্জ দেওয়া বা পাওয়ার ব্যাংক নিজে চার্জ করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, শর্ট সার্কিট বা দুর্ঘটনাজনিত সক্রিয়তা রোধে পাওয়ার ব্যাংকগুলো মূল প্যাকেজিংয়ে রাখা অথবা টার্মিনাল অংশে টেপ লাগিয়ে অথবা সুরক্ষিত ব্যাগে সংরক্ষণ করা বাধ্যতামূলক।

উল্লেখ্য, মালদ্বীভিয়ান ছাড়াও ইতোমধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, এয়ার এশিয়া, চায়না এয়ারলাইন্স এবং টাইগার তাইওয়ান-সহ একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে।

বিশেষজ্ঞদের মতে, ফ্লাইটে লিথিয়াম-আয়ন ব্যাটারির ঝুঁকি কমাতে এ ধরনের নিয়ম বিশ্বের বিভিন্ন দেশে আরও জোরদার হতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!