মাত্র সাত মাসের প্রবাসজীবন : লেবাননে বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু
ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে মাত্র সাত মাস আগে প্রবাসের পথে পা বাড়িয়েছিলেন শাহাদাত মিয়া। কিন্তু প্রবাসের মাটিতে সেই স্বপ্ন আর পূরণ হলো না। লেবাননে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন এই বাংলাদেশি যুবক।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে সাঈদা জেলার হামশরীফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
পরিবার ও স্বজনদের ভাষ্যমতে, লেবাননে যাওয়ার কয়েক মাস পর থেকেই শাহাদাত তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। গত ৪ জানুয়ারি মাথাব্যথার চিকিৎসার জন্য তাকে হামশরীফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত বুধবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ প্রবাসী।
নিহত শাহাদাত মিয়ার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামে। তিনি জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারের একমাত্র ভরসা হয়ে জীবিকার তাগিদে সাত মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি।
অল্প সময়ের প্রবাস জীবনেই এমন মর্মান্তিক মৃত্যুতে দেশে ও প্রবাসে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের চোখে এখন শুধু অনিশ্চিত ভবিষ্যৎ আর বুকভরা কান্না। প্রবাসে জীবনের ঝুঁকি নিয়ে রোজগারের সংগ্রামে নেমে পড়া অসংখ্য তরুণের কষ্টের গল্প যেন আরও একবার বাস্তব হয়ে ধরা দিল শাহাদাত মিয়ার মৃত্যুতে।


