মধ্যপ্রাচ্যের প্রথম ‘গ্রিন জাহাজ রিসাইক্লিং কেন্দ্র’ তৈরি করছে ওমান
ওমান মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো একটি সবুজ জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দেশটি ২০৫০ সালের মধ্যে নেট-জিরো লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনাকে আরও এগিয়ে নিচ্ছে।
ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিন হুইল রিসাইক্লিং মধ্যপ্রাচ্যের সহযোগিতায় উত্তর বাতিনার খাতমত মালাহা এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। চলতি মাসেই প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
আধুনিক এই কেন্দ্রে পুরনো জাহাজ নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ভেঙে পুনর্ব্যবহার করা হবে। এখানে বছরে ৭০টির বেশি জাহাজ প্রক্রিয়াজাত করার সুযোগ থাকবে। প্রাথমিকভাবে প্রতি বছর প্রায় ২০ লাখ টন উচ্চমানের ও কম-কার্বন ইস্পাত উৎপাদিত হবে।
এই প্রকল্প চালু হলে ওমান কেবল পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহারে শীর্ষস্থান অর্জন করবে না, বরং বৈশ্বিক শিপিং খাতে নতুন উদ্ভাবনী সমাধানের কেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে।
কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি পরিবেশবান্ধব কনটেইনার উৎপাদনসহ নতুন শিল্প খাত গড়ে উঠবে এবং ইস্পাত শিল্পে লক্ষ লক্ষ টন কম-কার্বন ইস্পাত যোগ হবে। ফলে দেশের তেলনির্ভর অর্থনীতির বাইরে জিডিপি বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে এই কেন্দ্র।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে প্রথমবারের মতো ওমান জাহাজ ডক করার সময় বিদ্যুৎ ও সবুজ জ্বালানি সরবরাহ করবে। এটি টেকসই সামুদ্রিক পরিবহনের দিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


