যুদ্ধবিমান চালানোর সুযোগ অনেক আগেই পেয়েছিলেন ভারতের নারীরা। এবার দেশটির নৌবাহিনীর পাইলটের দায়িত্বে প্রথম হাতেখড়ি হতে চলেছে আরও এক নারীর। লেফটেন্যান্ট শিবাঙ্গী।
আগামী ৪ ডিসেম্বর নৌসেনা দিবস। তার দু’দিন আগেই পাইলটের আসনে দেখা যাবে শিবাঙ্গীকে।
ভারতীয় নৌবাহিনীতে এতদিন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বই সামলেছেন মহিলারা। যাঁদের প্রধান কাজ ছিল অবজারভারের। এই প্রথমবার নৌবাহিনীর পাইলট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কোনও মহিলা। আগামী ২ ডিসেম্বর কেরলের কোচি থেকে কাজে যোগ দেবেন তিনি।
বিহারের মুজফফরপুরের বাসিন্দা শিবাঙ্গী পড়াশোনা করেছেন ডিএভি পাবলিক স্কুল থেকে। ইঝিমালায় ভারতীয় নৌবাহিনীর একাডেমি থেকে ২৭ এনওসি প্রশিক্ষণ নিয়ে নৌসেনার এসএসসি পাইলট হিসেবে যোগ দিতে চলেছেন শিবাঙ্গী। সাদার্ন ন্যাভাল কম্যান্ডে আপাতত তাঁর প্রশিক্ষণ চলছে।
লক্ষ্মণরেখা পার হওয়ার রাস্তাটা অবশ্য সহজ ছিল না। বিশেষ করে যখন দীর্ঘ দিনের প্রথা ভেঙে নারীদের নৌসেনার পাইলটের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সুযোগকে হাতছাড়া করতে চাননি লেফটেন্যান্ট শিবাঙ্গী।
ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, এমন নয় যে মহিলা বলে শারীরিক বা মানসিক সক্ষমতার মাপকাঠি শিথিল করা হয়েছে। তবু প্রতিটি মাপকাঠিতেই উতরে গিয়েছেন শিবাঙ্গী।
বছর কয়েক আগেই যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ পেয়েছেন ভারতীয় বিমানবাহিনীর নারী অফিসারেরা। ২০১৬ সালে বিমানবাহিনীর যুদ্ধবিমানের ককপিটে বসার ছাড়পত্র পেয়েছিলেন মোহনা সিংহ, আভানি চতুর্বেদী ও ভাবনা কান্থ। এবার নৌবাহিনীর অন্দরেও রাজত্ব করতে চলেছেন মহিলারা।


