বিমান ‘ক্র্যাশ’ করানোর হুমকি, আটক নারী চিকিৎসক
টেকঅফের ঠিক আগে কেবিন ক্রুদের সঙ্গে বাকবিতণ্ডা এবং বিমান ‘ক্র্যাশ’-এর হুমকি দেওয়ার অভিযোগে এক মহিলা যাত্রীকে অফলোড করে আটক করল পুলিশ। অভিযুক্ত ওই যাত্রী পেশায় একজন চিকিৎসক।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ভারতের বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX2749 ফ্লাইটটি বেঙ্গালুরু থেকে সুরাট যাওয়ার কথা ছিল। সেই ফ্লাইটেই যাত্রী ছিলেন বেঙ্গালুরুর শিবনাহাল্লির বাসিন্দা চিকিৎসক ব্যাস হিরাল মোহনভাই (৩৬)।
সূত্রের খবর, বিমানে ওঠার পরে প্রথম সারির আসনের সামনে নিজের ব্যাগ রেখে তিনি চলে যান ২০এফ সিটে। কেবিন ক্রুরা নিয়ম অনুযায়ী তাঁকে অনুরোধ করেন নিজের ব্যাগ নিজে রেখে আসতে। কিন্তু চিকিৎসক তা না করে উলটে দাবি জানান, ব্যাগটি তাঁর আসনে পৌঁছে দিতে হবে। এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও তিনি ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন অন্যান্য যাত্রীরা। কিন্তু তাঁদের কথাও উপেক্ষা করে ওই চিকিৎসক চিৎকার করে বলেন, “এই বিমান আমি ভেঙে দেব!” নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে পাইলট দ্রুত বিষয়টি সিআইএসএফ ও বিমানবন্দর নিরাপত্তাকে জানান। পরে অভিযুক্তকে বিমান থেকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এয়ারলাইন্স সূত্রে জানানো হয়েছে, যাত্রীর আচরণ বিমান এবং অন্যান্য যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করেছিল। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৪), ৩৫৩(১)(বি) এবং বেসামরিক বিমান পরিবহণ আইনের ৩(১)(এ) ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


