বিমানবন্দর ইমিগ্রেসন পুলিশকে যে নির্দেশনা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ইমিগ্রেশনে উপস্থিত একজন পুলিশ সদস্যকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্যুট পরে এলে ছাইড়া দিবা আর অন্যদের আটকায়ে রাখবা তা কইরো না, একটু খেয়াল রাইখো।
শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি। তাই সিস্টেমটা জানার জন্য এসেছিলাম, কীভাবে ইমিগ্রেশন হয় সেসব দেখার জন্য। আমি দেখলাম আগের থেকে অনেক উন্নত হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের পর যারা দায়ী তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা দায়ী জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে অ্যাটাচ করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের আগে এসবির পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা ছিল। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞা পাঠিয়েছে কি না আমি জানি না। আমার কাছে এই ব্যাপারে তথ্য নেই। আপনারা যেহেতু বললেন আমি খোঁজ নেবো। যেহেতু তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


