মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক শেষে বাহরাইনের বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের ইন্সুরেন্স বা বিমা কভারেজ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২৩ জনে।
সামাজিক বিমা সংস্থার এই তথ্য সংসদ সদস্য জালাল খাদেমের এক প্রশ্নের জবাবে প্রদান করা হয়।
প্রতিবেদনে দেখা গেছে, একই সময়ে সরকারি ও বেসরকারি—উভয় খাতে বিমার আওতায় থাকা বাহরাইনি নাগরিকের সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১,৫১,৬৫৯ জন, যা ২০২৪ সালে বেড়ে হয় ১,৫৪,৮৯৪ এবং ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে দাঁড়ায় ১,৫৭,২১৩ জনে।
অন্যদিকে, বেসরকারি খাতে কর্মরত অ-বাহরাইনি বা প্রবাসীদের সংখ্যা ২০২৩ সালে ছিল ৪৫৮,৭৬৮ জন, যা ২০২৪ সালে বেড়ে ৪৬৭,২৬৭ এবং ২০২৫ সালে ৪৭৩,৩২৩ জনে পৌঁছেছে।
সংস্থাটি আরও জানায়, সরকারি খাতে কর্মরত প্রবাসীরা কেবল কর্মস্থলে দুর্ঘটনা সংক্রান্ত বিমার আওতায় থাকেন, তবে তাদের আলাদা কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
এদিকে, উভয় খাত থেকে মোট বিমা অবদান ২০২৩ সালে ছিল ৪১৮.৬৫৭ মিলিয়ন বাহরাইনি দিনার, যা ২০২৪ সালে বেড়ে ৪৩৭.৪৪৮ মিলিয়ন দিনারে পৌঁছেছে। এই হিসাব দুটি তহবিল একীভূত হওয়ার পর সমন্বিতভাবে প্রস্তুত করা হয়েছে।
এছাড়া পেনশনপ্রাপ্ত জীবিত অবসরপ্রাপ্তদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে—২০২৩ সালে ৮৪,৬১২ জন থেকে ২০২৪ সালে ৮৫,৬০৭ এবং ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ৮৬,০০৩ জনে দাঁড়িয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


