বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের কথা শুনতে রাষ্ট্রদূত পাশে

“প্রবাসীর কথা শুনতে রাষ্ট্রদূত পাশে”— এই আন্তরিক বার্তা নিয়েই উৎসবমুখর পরিবেশে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে হয়ে গেল ব্যতিক্রমধর্মী গণশুনানি। প্রবাসীদের কণ্ঠস্বর শুনে তাৎক্ষণিক সহায়তা দিতে এ আয়োজন যেন হয়ে উঠেছিল সহমর্মিতার মিলনমেলা।

শুক্রবার (৩০ মে) রাজধানী মানামায় দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি-র সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বাহরাইনের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ।

Travelion – Mobile

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, “এই গণশুনানি আমাদের দায়িত্ববোধের অংশ। প্রবাসীদের কথা শুনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয় এর মাধ্যমে। আপনারা দূতাবাসকে নিজের বলেই ভাববেন।”

তিনি আরও বলেন, “বাহরাইনের আইন-কানুন মেনে চলুন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠান—এতে আপনারাও উপকৃত হবেন, দেশের সম্মানও রক্ষা পাবে।”

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত গণশুনানি।  ছবি সংগৃহীত
বাহরাইনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত গণশুনানি। ছবি সংগৃহীত

গণশুনানিতে প্রবাসীরা তাদের সমস্যা, মতামত ও অভিজ্ঞতা সরাসরি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। অনেক সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়, যা প্রবাসীদের মনে আস্থা ও সাহস যোগায়।

Diamond-Cement-mobile

গণশুনানির বিশেষ দিক ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে অনেক প্রবাসী তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ গ্রহণের সুযোগ পান—যা প্রবাসীদের প্রতি দূতাবাসের মানবিক দৃষ্টিভঙ্গিরই একটি উজ্জ্বল প্রমাণ।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রতি মাসের শেষ শুক্রবার নিয়মিতভাবে এ ধরনের গণশুনানির আয়োজন চলবে। আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও অভিযোগ বা মতামত জানাতে পারবেন।

দূতাবাসের ফেসবুক পেজে আগাম আহ্বান ও গণশুনানির সময়সূচি প্রকাশের মাধ্যমে এই আয়োজন সম্পর্কে প্রবাসীদের জানানো হয়। এতে যেমন স্বচ্ছতা এসেছে, তেমনি সৃষ্টি হয়েছে আস্থার একটি সেতুবন্ধন।

অনুভূতি জানাতে গিয়ে প্রবাসীদের অভিমত, এই গণশুনানি প্রমাণ করেছে—রাষ্ট্রদূত প্রবাসীদের পাশে আছেন, শুধু কাগজে-কলমে নয়, বরং বাস্তবিক অর্থেই প্রবাসীদের কথা শুনতে ও সেবায় সদা প্রস্তুত।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!