বাহরাইনে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন
আরিফ খান ইমনকে সভাপতি এবং মহসিন চৌধুরী রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম বাহরাইনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী মানামার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত বিশেষ সভায় চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রবাসী জাতীয়তাবাদী সমর্থকদের উপস্থিতিতে কণ্ঠভোট ও সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সুপার ফাইভ কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলম কিরণ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক আবুল বাশার।
যুবনেতা আলাউদ্দিন গাজী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও সংগঠিতভাবে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নিতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপার ফাইভ কমিটির মতামতের ভিত্তিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং বৃহৎ পরিসরে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


