বাথরুমে যাওয়ার ‘মূল্য’ কয়েক লাখ টাকা! যাত্রীকে না জানিয়েই উড়ে গেল বিমান
বিমানবন্দরে পৌঁছেও নির্ধারিত ফ্লাইটে উঠতে পারলেন না এক যাত্রী। অভিযোগ, বিমান সংস্থার অবহেলায় ফ্লাইটে উঠতে না পারায় তার আর্থিক ক্ষতি হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ।
ওই যাত্রী ভারতের চয়ন গর্গ। তিনি লিঙ্কডইনের এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরে ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
চয়ন জানান, পেশাগত কারণে তিনি জয়পুর থেকে মুম্বই যাচ্ছিলেন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে। ভোর ৪:৪০ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ৫:১০-এর মধ্যে নিরাপত্তা চেক পেরিয়ে ভেতরে প্রবেশ করেন।
জানা যায়, তাঁর বোর্ডিং ১০-১৫ মিনিটের মধ্যে শুরু হবে। এ সময় গেট এলাকায় ভিড় থাকায় তিনি সাময়িকভাবে শৌচাগারে যান। মাত্র ১২ মিনিট পরে ফিরে এসে দেখেন, বোর্ডিং শেষ এবং গেট বন্ধ।
তাঁর দাবি, কোনও ঘোষণাই শোনা যায়নি। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে জানানো হয়, জয়পুর বিমানবন্দর ‘সাইলেন্ট এয়ারপোর্ট’, সেখানে কোনও ফ্লাইট সংক্রান্ত ঘোষণা করা হয় না। অথচ কিছুক্ষণ আগেই তিনি দেহরাদূনগামী একটি উড়ানের ঘোষণা শুনেছেন বলেও দাবি করেন।
চয়ন জানান, তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেন বিমানে উঠতে দেওয়ার জন্য,কারণ গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ তাঁর কাছে অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তাঁর অনুরোধ উপেক্ষা করা হয়। বিমানে উঠতে না পারায় তাঁকে মুম্বইয়ের সাক্ষাৎকারটি বাতিল করতে হয়, যার ফলে প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, কোনও বিকল্প ব্যবস্থা বা পরবর্তী ফ্লাইটের সুযোগও দেওয়া হয়নি, এমনকি টিকিট ফেরতের বিষয়ে কোনও সহযোগিতাও পাননি। তাঁর কথায়, “দুঃখজনকভাবে, বিমানবন্দরে কেউই আমাকে জানাননি আমি কী করতে পারি বা কীভাবে সমস্যার সমাধান হতে পারে।”
এ ঘটনায় ইন্ডিগো কর্তৃপক্ষের কোনও মন্তব্য এখনো পাওয়া যায়নি।


