বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর
উচ্চশিক্ষায় নতুন দিগন্ত
বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষাক্ষেত্রে সহযোগিতায় যুক্ত হলো নতুন অধ্যায়। দুই দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও ঘনিষ্ঠ করতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চশিক্ষায় সহযোগিতার নতুন পথ খুলে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানী মালেতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম বলেন, এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের প্রতিফলন। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, অতিথি অধ্যাপক নিয়োগ, যৌথ সেমিনার, কর্মশালা, স্বল্পমেয়াদি কোর্স এবং গবেষণা ও প্রকাশনার নতুন সুযোগ সৃষ্টি হবে।
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক জ্ঞান বিনিময়, শিক্ষার্থী ও শিক্ষক আদান-প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার একটি কার্যকর ভিত্তি। তিনি যৌথ গবেষণা, একাডেমিক নেতৃত্ব বিকাশ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর। মালদ্বীপ সরকারের অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আলাদা হয়ে এগোতে পারে না। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এবং গবেষণাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, এই চুক্তি শুধু একাডেমিক মান উন্নয়নেই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে উভয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় চ্যান্সেলর ড. মাহামুদ শুগী এবং বাংলাদেশ হাইকমিশনারের কর্মকতৃরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যতমুখী শিক্ষাগত সহযোগিতার একটি উজ্জ্বল নিদর্শন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

