বন্ধুত্বের ৫০ বছর উদযাপনে ওমান সফরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যান্ড দল
মাস্কাটে ২ দিনের সাংস্কৃতিক পরিবেশনা
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল এখন ওমানে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পোস্টে জানানো হয়, বাংলাদেশ দূতাবাসের আয়োজিত ৩ দিনের অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস ব্যান্ড ও অর্কেস্ট্রা দল ওমান সফরে গেছে। দলটি মাস্কাটে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানে বাদ্য পরিবেশনা করবে। এসব আয়োজনে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তা, সেখানে অবস্থানরত দেশি-বিদেশি কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ দুতাবাস মাস্কাট সূত্রে জানা গেছে, ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে মাস্কাটের আল খুওয়াইর ফ্ল্যাগ স্কয়ারে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে ওমান ও বাংলাদেশের সামরিক ব্যান্ড দল। অনুষ্ঠানে দুই দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সংগীত পরিবেশিত হবে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় একই স্থানে (মাস্কাটের আল খুওয়াইর ফ্ল্যাগ স্কয়ার) ‘বাংলাদেশ নাইটস’ আয়োজন করা হয়েছে। এতে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর ব্যান্ড ও অর্কেস্ট্রা দল। এ আয়োজনে বাংলাদেশের লোকজ ও জনপ্রিয় সংগীত পরিবেশিত হবে।
এই আনন্দঘন অনুষ্ঠানে ওমানপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের পরিবারসহ উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।


