পর্তুগাল সরকার অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর করতে নতুন একটি আইন অনুমোদন করেছে। এই আইনের লক্ষ্য হচ্ছে যারা অবৈধভাবে পর্তুগালে প্রবেশ করেছে বা নিয়ম ভেঙে দেশটিতে অবস্থান করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া।
নতুন আইনের অধীনে ‘রিটার্ন রেজিম’ বা ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত করা হবে। আশ্রয় আবেদনের অপব্যবহার ও অযথা সময়ক্ষেপণ ঠেকাতে নতুন কিছু শর্তও যুক্ত করা হয়েছে। এখন থেকে অভিবাসী ও সীমান্ত-সংক্রান্ত সব ফাইল এবং কার্যক্রম পর্তুগালের জাতীয় নিরাপত্তা বাহিনী (PSP) পরিচালনা করবে।
তবে সরকার জানিয়েছে, এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে মানবিক দিককে গুরুত্ব দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থন ও আপিল করার অধিকার থাকবে। বিশেষ করে শিশু ও দুর্বল অবস্থায় থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারের মতে, এটি পর্তুগালের অভিবাসন নীতি সংস্কারের শেষ বড় পদক্ষেপ। এর মাধ্যমে দেশটি এখন থেকে আরও নিয়ন্ত্রিত, নিয়মভিত্তিক ও সুসংগঠিত অভিবাসন নীতি কার্যকর করতে চায়।
অবৈধ প্রবেশের ক্ষেত্রে কঠোরতা বাড়ানো হলেও, বৈধ অভিবাসীদের অধিকার ও মানবিক বিষয়গুলো আগের মতোই গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে পর্তুগাল সরকার।


