দেশনেত্রীর মহাপ্রয়াণ : মালদ্বীপে শোকবইয়ে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। 🤍
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ চ্যান্সারি ভবনে সশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন দেশের কূটনীতিকরা শোকবইয়ে স্বাক্ষর করে বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
শোকবইয়ে স্বাক্ষরকারী কূটনীতিকদের মধ্যে রয়েছেন, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো, ভারতের হাইকমিশনার জি. বালাসুব্রহ্মণ্যম, শ্রীলঙ্কার হাইকমিশনার মোহাম্মদ রিজভী হাসান।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ ডিসেম্বর শোকবই খোলার পর থেকেই বিভিন্ন দেশের কূটনীতিকরা হাইকমিশনে এসে তাদের গভীর শোক ও সমবেদনার বার্তা লিখে যাচ্ছেন।
শোকবার্তায় কূটনীতিকরা নিজ নিজ দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনে শোকবই উন্মুক্ত রাখা হয়েছে।
রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুসহ দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।


