দুবাই ও আবুধাবিগামী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশের জরুরি বিজ্ঞপ্তি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) চালু হচ্ছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিমান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের ফ্লাইটসমূহ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে স্থগিত রাখা হয়েছে।
সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৩ মার্চ ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দুবাইগামী একটি ফ্লাইট এবং ঢাকা থেকে আবুধাবিগামী একটি ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা-দুবাই ফ্লাইটটি এবং ১৩ মার্চ সকাল ৬টায় ঢাকা-আবুধাবি ফ্লাইটটি পরিচালিত হবে।
দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের যেসকল সম্মানিত যাত্রী গত ২৮ ফেব্রুয়ারি – ১২ মার্চ, ২০২৬ তারিখের মাঝে ভ্রমণের জন্য টিকেট কেটেছিলেন, তারা উক্ত ফ্লাইটসমূহে কোন চার্জ ছাড়া সিট বুকিং দিয়ে ভ্রমণ করতে পারবেন।
বুকিং করতে যোগাযোগ করুন বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা কল করুন বিমান কল সেন্টারে। এছাড়াও, যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনায় রেখে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটের ০৪ ঘণ্টা আগে পর্যন্ত সরাসরি ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের বিমান সেলস সেন্টার থেকেও বুকিং সেবা প্রদান করবে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করুন- বিমান কল সেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


