জেদ্দায় এক্সপোতে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে কনস্যুলেটের মতবিনিময়
সৌদি আরবের ক্রমবর্ধমান ফ্যাশন ও টেক্সটাইল বাজারকে ঘিরে বাংলাদেশি রপ্তানিকারকদের সামনে নতুন সম্ভাবনা উন্মোচিত হচ্ছে। সেই সুযোগ কাজে লাগাতে জেদ্দায় আয়োজন করা হলো বিশেষ মতবিনিময় সভা।
জেদ্দায় অনুষ্ঠিত ‘৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫’-এ অংশ নেওয়া বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট।
শনিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা, কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচকরা বলেন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজার বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তবে শুল্ক, লজিস্টিকস ব্যবস্থাপনা ও নির্ভরযোগ্য আমদানিকারক খুঁজে পাওয়া এখনও চ্যালেঞ্জ।
অংশগ্রহণকারী রপ্তানিকারকরা জানান, এক্সপোতে সৌদি বায়ারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং প্রাথমিক অর্ডারের সম্ভাবনাও তৈরি হয়েছে।
রপ্তানিকারকদের সফল অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে কনসাল জেনারেল বলেন, “এই এক্সপো আমাদের জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে প্রবেশের সেতুবন্ধন হবে। পণ্যের গুণগত মান ও নকশার উন্নয়নের মাধ্যমেই আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারব।”
তিনি প্রতিশ্রুতি দেন, বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে জেদ্দা কনস্যুলেট সৌদি চেম্বার অব কমার্সসহ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে এবং বাজার তথ্য আদান-প্রদানে সহায়তা করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—বাদন ফ্যাশন লিমিটেড, ফারিহা নিট টেক্স লিমিটেড, রিনাউন অ্যাপারেলস লিমিটেড, ইনফিনিটি আউটফিট লিমিটেড, আরাবি ফ্যাশন লিমিটেড, ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড, সানড্রাই ওয়্যারস লিমিটেড ও এক্সপেরিয়েন্স গ্রুপ।


