চিকিৎসকদের হোস্টেলের ছাদ থেকে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার!
অবশেষে উদ্ধার করা হয়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স। শুক্রবার, আহমদাবাদের মেঘানিনগর এলাকায় চিকিৎসকদের একটি হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়। ওই এলাকাতেই বিমানটি ভেঙে পড়েছিল। ব্ল্যাকবক্সে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ঘটনাস্থলে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এবং গুজরাত সরকারের প্রায় ৪০ জন কর্মকর্তার একটি দল তল্লাশি চালিয়ে এই ব্ল্যাকবক্সটি খুঁজে পান।
‘ব্ল্যাকবক্স’ নামে পরিচিত হলেও, এর রঙ আসলে উজ্জ্বল কমলা এবং এর দুটি অংশ থাকে— ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। এই যন্ত্রে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যক্রম, ককপিটে পাইলটদের কথোপকথন এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। স্টিল ও টাইটেনিয়াম দিয়ে তৈরি এই রেকর্ডার অগ্নিকাণ্ড বা পানিতে ডুবে গেলেও বহু বছর অক্ষত থাকে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকগামী এই ফ্লাইটটি ছেড়ে যায়। কিন্তু উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই এটি মেঘানিনগরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। একজন মাত্র যাত্রী, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ, অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়ায় আরও অন্তত ২৪ জন স্থানীয় বাসিন্দাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত মোট ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।
দুর্ঘটনার এই ব্ল্যাকবক্স তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী এএআইবি।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


