ক্ষুদে বিজ্ঞানী রাহুলের তৈরি বিমান উড়ল আকাশে!
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের কৃষক শামসুল শেখের ছেলে রাহুল নিজের হাতে তৈরি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের একটি উড়োজাহাজ। নাম দিয়েছে ‘অচিন পাখি’।
মাত্র ১৫ হাজার টাকা খরচে তৈরি এই বিমান ইতিমধ্যেই সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে নবম শ্রেণির এই ছাত্র।
রাহুল স্থানীয় রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে জানায়, ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্নের অংশ হিসেবেই ইউটিউব দেখে শিখে মোটর, ব্যাটারি, রিমোট কন্ট্রোলসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনে মাত্র চার দিনে বানিয়ে ফেলে বিমানটি।
প্রথমদিকে ওজন বেশি হওয়ায় বিমানটি উড়তে ব্যর্থ হলে অনেকেই হাসাহাসি করে। কিন্তু থেমে যায়নি রাহুল। টানা চার দিনের চেষ্টায় অবশেষে সফলভাবে আকাশে ওড়ায় নিজের হাতে বানানো বিমানটি।
“আকাশে উড়তে দেখে আমার মন ভরে গেছে। আমার বিমান দেখতে অনেকে ভিড় করছেন—এতে আমি খুব খুশি,” বলে রাহুল।
রাহুলের মা আলেয়া বেগম বলেন, “আমার ছেলে দিনরাত পরিশ্রম করে বিমানটি তৈরি করেছে। প্রতিদিনই বাড়িতে অনেক লোক আসছে বিমান দেখতে। আমার ছেলে ভবিষ্যতে আরও বড় কিছু আবিষ্কার করুক, এই দোয়া করি।”
বাবা শামসুল শেখ জানান, কৃষিকাজ করেই সংসার চলে। দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে রাহুল সবচেয়ে ছোট। “সে শুধু বিমান নয়, ফ্যান-লাইটসহ নানা কিছু বানিয়েছে। এসবের প্রতি ওর ঝোঁক বেশি। আমি চাই ও এই পথেই বড় হোক,” বলেন তিনি।
প্রতিবেশী মিঠু মল্লিক বলেন, “রাজবাড়ী জেলায় রাহুল ছাড়া আর কেউ এমন বিমান তৈরি করেনি। সে আমাদের জেলার গর্ব। আমরা সবাই ওর জন্য দোয়া করি।”
বর্তমানে গ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষুদে বিজ্ঞানী রাহুল। প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছেন ‘অচিন পাখি’ দেখার জন্য।


