কুয়েতে ভিসা জালিয়াতির চক্র ধরা, আন্তর্জাতিক জালিয়াতির রহস্য ফাঁস
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা জালিয়াতিতে জড়িত একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে এবং এর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে। এই অভিযানটি দেশটির আবাসিক ও শ্রম আইন বাস্তবায়নের চলমান কার্যক্রমের অংশ।
জাতীয়তা ও আবাসিক বিষয়ক বিভাগ এবং সাধারণ আবাসিক তদন্ত শাখার যৌথ তদন্তে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন ইউরোপীয় দেশে ভ্রমণের ভিসা পেতে নকল ও ভুয়া কাগজপত্র তৈরি করত। তারা চাকরির পদবি বদল, নিয়োগকর্তার তথ্য বিকৃত করা, এবং ইউরোপীয় দূতাবাসের শর্ত পূরণের জন্য জাল ওয়ার্ক পারমিট, বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট ও সরকারি নথি তৈরি করত।
তদন্তে আরও জানা যায়, চক্রটির সঙ্গে একজন মিশরীয় নাগরিক জড়িত, যিনি বিদেশ থেকে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালিয়ে এই অবৈধ সেবা প্রচার করতেন এবং সহজে ইউরোপ যেতে আগ্রহী লোকদের টার্গেট করতেন।
কুয়েতের ভেতর থেকে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও ভুয়া নথিপত্র জব্দ করা হয়েছে। এসব আলামত ও ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার আওতায় কুয়েত সরকার মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিদেশে থাকা চক্রের আরও সদস্যদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে আইনি কার্যক্রম চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা এমন অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে থাকবে। একই সঙ্গে, সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


