কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

কুয়েতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস। ২৭ আগস্ট দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলা, সতর্ক থাকা, অবৈধ কাজ থেকে বিরত থাকা এবং সমস্যায় পড়লে নিয়মমাফিক অভিযোগ জানিয়ে সহায়তা নেওয়ার আহবান জানিয়ে নানা পারমর্শ দিয়েছে।

বিজ্ঞপ্তির মূল বিষয়গুলোঃ

বেতন বা শ্রমসংক্রান্ত সমস্যা
কুয়েতের শ্রম আইন ২০১০ অনুযায়ী, কোম্পানিতে বকেয়া বেতন আদায় বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে কর্মীরা Public Authority for Manpower-এ অভিযোগ করতে পারেন। আর ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরতরা অভিযোগ করতে পারবেন Department of Domestic Labour-এ। এ ধরনের অভিযোগ দাখিলে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস সহায়তা করে থাকে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

তবে অনেক সময় দেখা যায়, প্রবাসী বাংলাদেশি কর্মীরা নিয়ম মেনে অভিযোগ না করে কাজে অনুপস্থিত থাকেন বা ধর্মঘট করেন। কিন্তু কুয়েতের আইনে ধর্মঘট, দলবদ্ধভাবে কর্মবিরতি বা বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো কর্মী টানা ৭ দিন কাজে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে Absconding Case করা হয়, যা শাস্তিমূলক ব্যবস্থা, চাকরি হারানো এবং ইকামা বাতিলের কারণ হতে পারে। তাই বাংলাদেশি কর্মীদের প্রতি অনুরোধ— সমস্যার সমাধানে অবশ্যই আইনানুগ পথ অনুসরণ করুন এবং দূতাবাসের সহায়তা গ্রহণ করুন।

অন্যত্র কাজ
কুয়েতের শ্রম আইন ২০১০ অনুযায়ী, কর্মীদের ইকামায় উল্লেখিত কর্মস্থলের বাইরে অন্য কোথাও কাজ করা সম্পূর্ণ অবৈধ। কুয়েত পুলিশ ইকামার শর্ত ভঙ্গের অভিযোগে (Violation of Residency Law) কর্মীকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলে পাঠাতে পারে। পরবর্তীতে ওই কর্মীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয় এবং তিনি আর কখনো কুয়েতে প্রবেশের সুযোগ পান না। তাই ইকামার কর্মস্থলের বাইরে অন্য কোথাও কাজ করবেন না এবং কুয়েতের শ্রম আইন মেনে চলুন।

অভিবাসন ব্যয় ও ভিসা ক্রয়-বিক্রয়
বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত মোট খরচ (সার্ভিস চার্জসহ) হলো ১,০৬,৭৮০ টাকা। এই নির্ধারিত খরচের বেশি অর্থ নেওয়া বা দেওয়া উভয়ই দণ্ডনীয় অপরাধ। তবে মাঝে মাঝে দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি ভিসা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকে। এর ফলে অভিবাসন ব্যয় বেড়ে যায়, যা শুধু বাংলাদেশেই নয়, কুয়েতের আইন অনুযায়ীও দাতা ও গ্রহীতা উভয়ের জন্য গুরুতর অপরাধ। তাই ভিসা ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন এবং বৈধ প্রক্রিয়ায় কুয়েতে কর্মস্থলে যোগ দিন।

চুক্তিপত্র
কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য শ্রম আইন অনুযায়ী অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কর্মস্থলে যোগদানের আগে কাজের মেয়াদ, বেতন-ভাতা ইত্যাদি বিষয় ভালোভাবে জেনে চুক্তিপত্রে স্বাক্ষর করা এবং তার একটি কপি নিজের কাছে রাখা খুবই জরুরি। এছাড়া কোম্পানিতে চাকরিরত অবস্থায় ছুটি গ্রহণ, ইকামা নবায়ন বা ট্রান্সফারের নামে অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ। তাই এসব অবৈধ লেনদেন থেকে বিরত থাকা আবশ্যক।

আর্থিক লেনদেনের প্রমাণ
যে কোনো ধরনের আর্থিক লেনদেনে শুধু মুখের কথা বা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে টাকা লেনদেনের কোনো আইনগত বৈধতা নেই। রশিদ বা লিখিত প্রমাণ ছাড়া এ ধরনের অর্থ আদালতের মাধ্যমে ফেরত পাওয়াও সম্ভব নয়। তাই কুয়েতে কর্মস্থল, আবাসস্থল বা অফিস-আদালতের কাজে টাকা লেনদেনের সময় অবশ্যই রশিদ সংগ্রহ করুন বা উপযুক্ত প্রমাণ রেখে দিন।

ভিক্ষাবৃত্তি বা রাস্তা থেকে মালামাল কুড়িয়ে বিক্রি
কুয়েতে ভিক্ষাবৃত্তি করা, অন্যের কাছে আর্থিক সাহায্য চাওয়া বা রাস্তা থেকে মালামাল কুড়িয়ে বিক্রি করা অপরাধ ও গর্হিত কাজ হিসেবে গণ্য হয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কুয়েত পুলিশ আইনগত ব্যবস্থা নেয় এবং শাস্তি দেওয়া হয়। তাই এসব কাজ থেকে অবশ্যই বিরত থাকুন।

ট্রাফিক আইন
কুয়েতে গাড়ি চালানোর সময় চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। এছাড়া সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা ও সিগনাল লাইট মেনে চলা, এবং গাড়ি চালানোর সময় মোবাইলে কথা না বলা আইনত জরুরি। ট্রাফিক আইন ভালোভাবে জেনে তা অবশ্যই মেনে চলুন।

অর্থ জালিয়াতি
কুয়েতে কিছু অপরাধচক্র প্রবাসীদের অজ্ঞতার সুযোগ নিয়ে অর্থ ও এটিএম কার্ড জালিয়াতির কাজে জড়িয়ে ফেলে। সম্প্রতি এ ধরনের ঘটনায় এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, যা দেশের সুনামের জন্য অত্যন্ত লজ্জাজনক। কোনোভাবেই অর্থ জালিয়াতি বা অপরাধচক্রের সাথে যুক্ত হবেন না।

মাদক
কুয়েতে আটক প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই মাদক বিক্রি বা পরিবহনের অপরাধে শাস্তি পাচ্ছেন বা বিচারাধীন রয়েছেন। অধিক আয়ের প্রলোভনে অনেকেই অজান্তেই এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছেন। মাদক বিক্রি, পরিবহন, ব্যবহার কিংবা মাদক সম্পর্কিত যে কোনো কাজে জড়ানো থেকে অবশ্যই বিরত থাকুন।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!