উপসাগরীয় দেশ কুয়েতে এখন থেকে নগদ অর্থ দিয়ে স্বর্ণ কেনা সম্পূর্ণ নিষিদ্ধ। মন্ত্রী পর্যায়ের প্রস্তাব অনুযায়ী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জারি করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
নতুন নির্দেশনা অনুসারে, সোনা, মূল্যবান পাথর ও ধাতুর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত নগদবিহীন পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে হবে।
রোববার (২ নভেম্বর) কুয়েতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে এবং প্রয়োজনে তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেশটিতে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ১০ দিনারের বেশি মূল্যের লেনদেনে নগদ অর্থ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ফার্মেসিগুলোকে সে সময় কেএনইটি (KNET) বা অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ গ্রহণে বাধ্য করা হয়।
অর্থনীতিবিদদের মতে, কুয়েত সরকার ধাপে ধাপে সব গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতে নগদ লেনদেন সীমিত করে একটি ডিজিটাল ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তুলছে।
এর ফলে অর্থপাচার, ট্যাক্স ফাঁকি ও অবৈধ লেনদেনের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই বিধান দেশের অর্থনৈতিক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কুয়েতের আর্থিক খাতে একটি সংস্কারমূলক মাইলফলক হয়ে থাকবে এবং ভবিষ্যতে অন্যান্য খাতেও নগদবিহীন লেনদেনের প্রসার ঘটাবে।


