কুয়েতে কাজে অনুপস্থিতির রিপোর্ট এখন অনলাইনে, চালু হলো নতুন ‘আসহাল’ সেবা
কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (জনশক্তি কর্তৃপক্ষ) নতুন একটি অনলাইন সেবা চালু করেছে, যার মাধ্যমে এখন থেকে কর্মী কাজে অনুপস্থিত থাকলে নিয়োগকর্তারা সরাসরি অনলাইনে রিপোর্ট করতে পারবেন।
৮ মার্চ জারি করা ঘোষণায় জানানো হয়, “Notification of Absence from Work” (কাজে অনুপস্থিতির নোটিশ) নামে এই সেবাটি চালু হয়েছে ‘আসহাল’ পোর্টলে (As’hal portal)। এর ফলে কর্মীর অনুপস্থিতির রিপোর্ট করতে আর শ্রম দপ্তরে গিয়ে ঝামেলা পোহাতে হবে না।
নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন ডিজিটালভাবে অনুপস্থিতির রিপোর্ট জমা দিতে পারবেন। রিপোর্ট জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারী সঙ্গে সঙ্গে As’hal app–এ একটি নোটিফিকেশন পাবেন।
কর্মচারী যদি মনে করেন রিপোর্টটি সঠিক নয়, তাহলে তিনি ৬০ দিনের মধ্যে শ্রম সম্পর্ক বিভাগে আপত্তি জানাতে পারবেন।
এছাড়া এখন অফিস থেকেই অনুপস্থিতির নোটিশ প্রিন্ট করা যাবে, এজন্য আর পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের স্বাক্ষর লাগবে না। প্রতিটি নোটিশে কিউআর কোড থাকবে, যার মাধ্যমে এর সত্যতা যাচাই করা যাবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিন্ট করা নোটিশ ৩ কর্মদিবস পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে তা Ministry of Interior Kuwait–এর রেসিডেন্সি অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিয়ে অনুপস্থিতির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কর্তৃপক্ষের মতে, এই নতুন ডিজিটাল সেবা চালুর ফলে কুয়েতের শ্রমবাজারে সেবা আরও দ্রুত ও সহজ হবে।
নিয়োগকর্তারা এখন থেকে কোম্পানির সেবা পেতে As’hal পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


