কুয়েতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে নির্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধনাগারের সাধারণ প্রশাসনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে বিভিন্ন দেশের অন্তত ২,৭০০ প্রবাসীকে প্রশাসনিক বা বিচারিক আদেশের ভিত্তিতে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নির্বাসন ও অস্থায়ী আটক বিষয়ক বিভাগ দ্রুততম সময়ে প্রবাসীদের অপসারণ নিশ্চিত করতে কাজ করছে।
সূত্রটি আরও জানায়, কুয়েতের সব গভর্নরেটে চলছে নিবিড় নিরাপত্তা অভিযান। এসব অভিযানে অবৈধ কর্মী, রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, তৃতীয় পক্ষের হয়ে কাজ করা ব্যক্তি এবং আইনের বাইরে থাকা অভিবাসীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১ থেকে ১৮ মে’র মধ্যে রেসিডেন্সি আইন লঙ্ঘনের দায়ে আরও ১,০৮৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করে জানায়, যারা শ্রম ও আবাসন সংক্রান্ত আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই জবাবদিহিতা নিয়োগকর্তা ও কর্মচারী—দু’পক্ষের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
এছাড়া, অবৈধভাবে অবস্থানরতদের গ্রেপ্তারে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় নিয়ে আটকদের নির্বাসন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


