কুয়েতে অবৈধ ভিসা নবায়ন ও স্থানান্তরে ৩৫০-৯০০ দিনার লেনদেন, চক্র ধরা
কুয়েতে অবৈধভাবে ভিসা নবায়ন ও স্থানান্তরের অভিযোগে এক পাকিস্তানি নাগরিকসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে আবাসিক বিষয়ক তদন্ত বিভাগের জেনারেল ডিপার্টমেন্ট।
প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ সৌদ আল-সাবাহর নির্দেশে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মূল সন্দেহভাজন শাহবাজ হুসেন আল্লাহ রাখা নূর আল-কাওথার জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির অধীনে নিবন্ধিত ছিলেন এবং ১৯টি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এসব কোম্পানির মধ্যে ৯টি এজেন্সি চুক্তির অধীনে পরিচালিত হতো এবং ১৫০ জন কর্মী নিবন্ধিত ছিল।
তদন্তে জানা গেছে, অনেকেই কোম্পানিতে কাজ না করেও অবৈধভাবে আবাসিক পারমিট নবায়ন বা স্থানান্তরের জন্য ওই সন্দেহভাজনকে ৩৫০ থেকে ৯০০ দিনার পর্যন্ত অর্থ প্রদান করেছেন। শাহবাজ হুসেন স্বীকার করেছেন, তিনি কোম্পানির মালিকের জড়িত না থাকলেও সরকারি পরিচয়পত্র ব্যবহার করে একাই এসব লেনদেন করতেন।
সকল অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক পাচার দমনে অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


