কুয়েতে অবৈধ চিকিৎসা সেবা : বাংলাদেশিসহ ৮ প্রবাসী আটক
কুয়েতে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়া ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে বাংলাদেশিসহ ৮ জন প্রবাসীকে আটক করেছে দেশটির প্রশাসন।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর নির্দেশে ফারওয়ানিয়া এলাকায় একটি বাসাবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ব্যক্তিগতভাবে পরিচালিত একটি অবৈধ ক্লিনিকের সন্ধান পাওয়া যায়।
অভিযানে প্রথমে ভারতীয় চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন চিকিৎসকের লাইসেন্স ছাড়াই রোগী দেখছিলেন। বাকি তিনজন নিয়মিত ওই ক্লিনিকের সঙ্গে যুক্ত ছিলেন।
তদন্তে আরও জানা যায়, এই ক্লিনিকে সরকারি ওষুধ সরবরাহের সঙ্গে তিনজন বাংলাদেশি জড়িত। এছাড়া একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা আরেক বাংলাদেশি কর্মচারী সরকারি ওষুধ চুরি করে ওই ক্লিনিকে পৌঁছে দিতেন।
সব মিলিয়ে ভারত ও বাংলাদেশি নাগরিক মিলে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা ওষুধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে সুরক্ষিত রাখা হয়েছে।
কুয়েত প্রশাসন বলছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


