কুয়েতপ্রবাসী অসহায় বাংলাদেশির দেশে ফেরা, দূতাবাসের মানবিকতায় কৃতজ্ঞ কমিউনিটি

প্রবাস—স্বপ্ন, সংগ্রাম আর পরিবারের মুখে হাসি ফোটানোর নিরন্তর চেষ্টা। কিন্তু সেই প্রবাসই যখন হয়ে ওঠে অসহায়তার নাম, তখন মানবিক সহানুভূতিই হয়ে দাঁড়ায় একমাত্র ভরসা। কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহা. ইরান মিয়ার জীবনে ঘটেছে তেমনই এক করুণ অধ্যায়।

কুয়েতে কর্মরত অবস্থায় গত বছরের ২২ মে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক-এ আক্রান্ত হন মোহা. ইরান মিয়া। তাৎক্ষণিকভাবে তাঁকে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। স্ট্রোকের পর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে দীর্ঘদিন তিনি হাসপাতালের অর্থোপেডিক ইউনিটে চিকিৎসায় ছিলেন।

দু’মাস পর খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ফারওয়ানিয়া হাসপাতাল গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

Travelion – Mobile

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দ্রুত বাংলাদেশে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সমস্যা ছিল ভিন্ন জায়গায়—মোহা. ইরান মিয়ার পরিবারের আর্থিক অবস্থা ছিল চরম নাজুক। চিকিৎসা ও প্রত্যাবর্তনের ব্যয় বহন করার মতো কোনো সামর্থ্যই তাঁদের ছিল না।

মানবিক দিক বিবেচনায় রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁকে দেশে পাঠানোর বিশেষ নির্দেশনা দেন।। কিন্তু প্রত্যাবর্তনের প্রস্তুতি নিতে গিয়ে সামনে আসে আরও জটিলতা। তাঁর ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং তাঁর নামে ১০টি মামলা চলমান ছিল—যা দেশে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

Diamond-Cement-mobile

এমন সংকটময় মুহূর্তে বাংলাদেশ দূতাবাস, কুয়েত নিরবচ্ছিন্ন তৎপরতা শুরু করে। কুয়েতের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মানবিক বিবেচনায় সকল মামলা থেকে অব্যাহতি নিশ্চিত করা হয়। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অবশেষে মুক্তির পথ খুলে যায় এই অসহায় প্রবাসীর।

দূতাবাসের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জাজিরা এয়াারওয়েজের ফ্লাইটে মোহা. ইরান মিয়াকে বাংলাদেশে পাঠানো হয়। দীর্ঘ প্রবাসজীবনের শেষে অসুস্থ শরীর আর ক্লান্ত মন নিয়ে তিনি ফিরেছেন নিজের মাটিতে, নিজের মানুষের কাছে।

কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ কমিউনিটি সংগঠকদের অভিমত, এই ঘটনা আবারও প্রমাণ করে—প্রবাসে বিপদে পড়া একজন বাংলাদেশির পাশে দাঁড়াতে রাষ্ট্র ও দূতাবাসের মানবিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!