কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু মারা গেছে ।
পারিবারিক সূত্র তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।
পরিবার সূত্রে জানা গেছে, কাওয়ার্থা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় আবদুল্লাহ হিল রাকিব ও গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এসময় তাদের বোটটি উল্টে যায়।
স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে।
আবদুল্লাহ হিল রাকিবের বাল্যবন্ধু ও স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ বলেন, কানাডার স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে রাকিব নিজের ছেলে ও বন্ধু সাইফুজ জামানকে নিয়ে লেকে নৌকা চালাতে যান। একপর্যায়ে নৌকা উল্টে যায়। তখন ছেলে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রাকিব পারেননি। সাইফুজ জামান সাঁতার কেটে তীরের কাছাকাছি আসতে পারলেও শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। দেড়–দুই ঘন্টা পর রাকিবের মরদেহ উদ্ধার করা হয়।
এস এম খালেদ জানান, ঈদের আগে গত বৃহস্পতিবার রাকিব ঢাকা থেকে কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দেন। ঈদের ছুটি কাটাতেই রাকিব ও সাইফুজ জামান পরিবার টরন্টো থেকে ১৪০ কিলোমিটার দূরে স্টারজিয়ন লেকে বেড়াতে যান। সাইফুজ জামান বিমানের পাইলট হিসেবে কর্মরত ছিলেন বলেও জানান তিনি।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


