ওমানে ১ জুন থেকে আমদানিকৃত পানীয়ের উপর ডিজিটাল ট্যাক্স স্ট্যাম্প বাধ্যতামূলক
১ জুন ২০২৫ থেকে ওমানে বিদেশ থেকে আমদানি করা কার্বনেটেড ড্রিংকস, এনার্জি ড্রিংকস ও অন্যান্য বিশেষ ধরনের পানীয়ের বোতলে ডিজিটাল ট্যাক্স স্ট্যাম্প (DTS) লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
ওমানের কর কর্তৃপক্ষ (টিএ) এক সরকারি নির্দেশনার (নং ২১/২০২২) মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে এই ডিজিটাল স্ট্যাম্প শুধু সিগারেট, শিশাসহ তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এবার পানীয়তেও এটি চালু করা হচ্ছে।
কর কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো বাজারে স্বচ্ছতা আনা, কর আদায়ে জবাবদিহিতা নিশ্চিত করা এবং কর ব্যবস্থা আরও শক্তিশালী করা।
১ জুন থেকে আমদানির সময় যদি পানীয়ের বোতলে ডিজিটাল স্ট্যাম্প না থাকে, তবে সেসব পণ্য ওমানে ঢুকতে পারবে না। আর ১ আগস্ট থেকে কোনো স্ট্যাম্পবিহীন পণ্য বাজারে বিক্রি করা যাবে না।
নতুন নিয়ম সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করতে কর কর্তৃপক্ষ দেশজুড়ে সচেতনতামূলক কর্মশালা, মাঠ পরিদর্শন এবং প্রচার কার্যক্রম শুরু করেছে। এতে আমদানিকারক, পরিবেশক এবং খুচরা বিক্রেতাদের নতুন নিয়ম বুঝতে সাহায্য করা হচ্ছে।
১৮ মে থেকে ২২ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণ বাতিনাহের মুসান্দামে সচেতনতামূলক কর্মশালা, মাঠ পরিদর্শন এবং মিডিয়া প্রচারণা চলবে।
এই উদ্যোগ আন্তর্জাতিক মান অনুযায়ী কর ব্যবস্থাকে আরও উন্নত করার অংশ, বিশেষ করে এমন পণ্যের ক্ষেত্রে যেগুলোর স্বাস্থ্যগত ঝুঁকি বেশি এবং যেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


