ওমানে প্রবাসীকর্মীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় স্কিম, চালু হচ্ছে ২০২৭ সালে

বেতনের ৯% সঞ্চয়

মধ্যপ্রাচ্যের দেশ ওমান ২০২৭ সাল থেকে প্রবাসী কর্মীদের জন্য একটি বাধ্যতামূলক সঞ্চয় স্কিম চালু করতে যাচ্ছে। প্রবাসী কর্মীদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ঘোষণা দিয়েছেন দেশটির সামাজিক সুরক্ষা বিষয়ক ডেপুটি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট সাহবিব আল বুসাইদি ।

সামাজিক সুরক্ষা ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থায় প্রবাসী কর্মীদের মূল বেতনের ৯ শতাংশ একটি বাধ্যতামূলক সঞ্চয় তহবিলে জমা হবে। কর্মীরা চাকরি শেষ করার সময় বা নিজ দেশে ফিরে যাওয়ার সময় এই সঞ্চিত অর্থ তুলতে পারবেন।

Travelion – Mobile

এই উদ্যোগটি ওমানের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার একটি অংশ। এর মাধ্যমে প্রবাসী কর্মীরা কর্মজীবনের সময় ধীরে ধীরে একটি আর্থিক সঞ্চয় গড়ে তুলতে পারবেন, যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে।

নতুন এই সঞ্চয় স্কিমটি বর্তমান এন্ড অব সার্ভিস বেনিফিট (চাকরি শেষে এককালীন সুবিধা) ব্যবস্থার বিকল্প বা পরিপূরক হিসেবে কাজ করবে। এতে কর্মীদের আর্থিক সুবিধা আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে।

Diamond-Cement-mobile

এছাড়া পর্যায়ক্রমে আরও কিছু নতুন সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

২০২৬ সালে কর্মীদের জন্য সিক লিভ ইনস্যুরেন্স চালু হবে, যেখানে কর্মীর বেতনের ১ শতাংশ হারে অবদান রাখা হবে এবং অসুস্থতার সময় আয় সুরক্ষা দেওয়া হবে।

আর ২০২৮ সালে প্রবাসী কর্মীদের জন্য কর্মস্থল দুর্ঘটনা বীমা চালুর পরিকল্পনা রয়েছে। এতে বেতনের ১ শতাংশ অবদান রাখতে হবে এবং দুর্ঘটনায় আহত হলে সর্বোচ্চ ৩ হাজার ওমানি রিয়াল পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে দেশের শ্রমবাজারকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!