ওমানে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র স্থাপনে সাফল্য
ওমানের স্বাস্থ্য খাতে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। দেশটির রয়্যাল হাসপাতালের ন্যাশনাল হার্ট সেন্টারের চিকিৎসক দল প্রথমবারের মতো এক রোগীর দেহে সফলভাবে কৃত্রিম হৃদপিণ্ড বা হৃদযন্ত্র প্রতিস্থাপন করেছেন।
চার ঘণ্টাব্যাপী এই জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন ডা. ওয়ালিদ বিন আমের আল বাদি ও ডা. কাসিম বিন সালেহ আল আব্রি।
গুরুতর হৃদরোগে আক্রান্ত ওই রোগী অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর নিয়মিত পর্যবেক্ষণ চলবে।
ডা. বাদি জানান, রোগীর স্বাভাবিক হৃদযন্ত্রের বাম পাশে যন্ত্রটি বসানো হয়েছে যাতে রক্ত সঞ্চালন শক্তিশালী হয়। “এতে স্বাভাবিক হৃদযন্ত্র সরিয়ে ফেলা হয় না। বরং একটি যান্ত্রিক ডিভাইস হৃদযন্ত্রকে সাপোর্ট দিয়ে নতুন করে শক্তি ও কর্মক্ষমতা ফিরিয়ে আনে,” তিনি বলেন।
ডা. আব্রি জানান, কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন হৃদরোগ চিকিৎসায় অত্যন্ত উন্নত প্রযুক্তি। “যারা গুরুতর হৃদযন্ত্র বিকলতায় ভুগছেন, তাদের জন্য এটি নতুন আশার আলো। এটি হৃদযন্ত্র প্রতিস্থাপনের আগের সেতুবন্ধন হতে পারে, আবার স্থায়ী সমাধান হিসেবেও কাজ করতে পারে,” বলেন তিনি।
রোগী তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অস্ত্রোপচারের আগে আমি ভীষণ দুর্বল ছিলাম। এখন মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।”
বিশ্বের অগ্রসর দেশগুলোর মতো ওমানেও এই সফলতা প্রমাণ করল—চিকিৎসা সেবায় দক্ষতা ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। ওমান ভিশন ২০৪০–এর লক্ষ্য পূরণে এটি আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন।


