ওমানে পাঁচ মাসে ১২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের এ পর্যন্ত ওমানের বিভিন্ন এলাকায় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১২,৩১৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন দেশের এসব প্রবাসীর মধ্যে, ৭,৬১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই পদক্ষেপটি শ্রম আইন কঠোরভাবে প্রয়োগ এবং শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে।
ওমান নিউজ এজেন্সিকে এই তথ্য জানিয়েছে, দেশটির সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিস কর্পোরেশনের (এসএসএস) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বিন সুলাইমান আল আসমি।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত বেসরকারি পেশাদার নিরাপত্তা সংস্থা এসএসএস সরকারি এবং বেসরকারী উভয় ক্ষেত্রেই সুরক্ষা পরিষেবা প্রদান করে। রাজকীয় ডিক্রির মাধ্যমে এসএসএসকে সমস্ত নিরাপত্তা পরিষেবা প্রদানের একক কর্তৃত্ব দেওয়া হয়েছে, যা বর্তমানে সংস্থাটি দ্বারা পরিচালিত হচ্ছে।
সিইও জানান, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু দায়িত্ব কর্পোরেশনকে অর্পণ করা হয়েছে যাতে তারা শ্রমবাজার পর্যবেক্ষণ এবং আইন প্রয়োগে আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে এই কর্পোরেশনের পরিদর্শন ইউনিট ২৩,৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করেছিল এবং ১৮,০৫৩ জনকে বহিষ্কার করেছিল। এ বছর এখন পর্যন্ত যে সংখ্যাটি প্রকাশ হয়েছে, তা আগের ধারাবাহিকতা বজায় রাখছে।
সাইদ আল আসমি জানান, কর্পোরেশনের সব কর্মী এখন ওমানি নাগরিক, যার সংখ্যা ১২,২১০ জন ছাড়িয়ে গেছে। এটি দেশীয় নাগরিকদের ক্ষমতায়নের একটি বড় উদাহরণ। শুধু চলতি বছরেই ৬৬৫ জন নতুন ওমানি নাগরিক কর্পোরেশনে যুক্ত হয়েছেন। আগামী এক বছরে আরও ২,০০০ জন নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, কর্পোরেশন প্রতি বছর প্রায় ১,৮০০ জন ওমানি নাগরিককে নিরাপত্তা ও পাহারা সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে।
শ্রমবাজার পর্যবেক্ষণের পাশাপাশি কর্পোরেশনটি কৃষি, মৎস্য ও জলসম্পদ মন্ত্রণালয়ের সাথে মিলে উপকূলীয় এলাকায় নজরদারি চালায়, যেখানে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে ড্রোন ও বিশেষ যানবাহন ব্যবহার করা হয়। এ লক্ষ্যে ইতোমধ্যে ৪০০ জনের বেশি নাগরিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ভবিষ্যতের পরিকল্পনার কথা বলতে গিয়ে সিইও জানান, কর্পোরেশন শিগগিরই শিল্প অগ্নিনির্বাপক ও পেশাগত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ করবে এবং ২০৩০ সালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শাখা খুলবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


