ওমানের আল বুরাইমি গভর্নরেটে পরিবেশ কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা বিরল পরিযায়ী শিকারি পাখি স্টেপ ঈগল-এর দেখা পেয়েছেন। শীত মৌসুমে ওমানে আসা এই পাখিটি বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত।
বিশেষজ্ঞরা জানান, গাঢ় বাদামি রঙের পালক এবং প্রশস্ত কালো ডানাই স্টেপ ঈগল-এর প্রধান বৈশিষ্ট্য। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অসাধারণ ক্ষমতার কারণে এটি দূর-দূরান্তে অভিবাসন করতে পারে।
পরিবেশ কর্তৃপক্ষের মাঠ পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আল বুরাইমির প্রাকৃতিক বিভিন্ন এলাকায় এ পাখির উপস্থিতি নথিভুক্ত করা হয়। ওই কর্মসূচির উদ্দেশ্য হলো জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিরল পরিযায়ী প্রাণীদের গতিবিধি নজরে রাখা।
পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আল বালুশি বলেন, “স্টেপ ঈগল-কে দেখা পাওয়া আমাদের অঞ্চলের পরিবেশগত স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক। এই প্রজাতি উন্মুক্ত মরুভূমি পরিবেশের উপর নির্ভরশীল যেখানে তাদের শিকার পাওয়া যায়। তাই এদের উপস্থিতি প্রমাণ করে পরিযায়ী পাখি সংরক্ষণে আমাদের কার্যক্রম কতটা গুরুত্বপূর্ণ।”
পরিবেশ বিভাগের পরিচালক প্রকৌশলী সালেম আল মাস্কারি জানান, বন্যপ্রাণী পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। গবেষণা সংস্থাগুলোর সহযোগিতায় পরিকল্পিতভাবে জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা হয়। স্টেপ ঈগল-এর মতো বিপন্ন প্রজাতির উপস্থিতি নথিভুক্ত করা জাতীয় বন্যপ্রাণী ডাটাবেজকে সমৃদ্ধ করে এবং ওমানের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে।
স্টেপ ঈগল এশিয়া ও পূর্ব ইউরোপের সমতল ও তৃণভূমি অঞ্চলে সাধারণত বাস করে এবং শীতকালে মধ্যপ্রাচ্যের উষ্ণ এলাকায় আশ্রয় নেয়। এদের দৈর্ঘ্য প্রায় ৬৫–৮০ সেন্টিমিটার এবং ডানার বিস্তার দুই মিটারেরও বেশি। প্রধান খাবার ছোট ইঁদুর ও পাখি।
বাসস্থান হারানো এবং খাদ্যের অভাবসহ নানা হুমকির কারণে এই পাখি বিপন্ন হয়ে পড়ছে। এটির উপস্থিতি ওমানের পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্যের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দেশের চলমান প্রচেষ্টাকে আরও দৃঢ় করে।


