ওমানের মুসান্দাম গভর্নরেটের খাসাবে একটি নতুন হাসপাতালের নির্মাণ কাজের ৮৫ শতাংশ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। প্রায় ১ লাখ বর্গমিটার জায়গায় তৈরি হচ্ছে এই আধুনিক হাসপাতালটি, যার নির্মাণ এলাকা ৩৬,০০০ বর্গমিটার। মোট ব্যয় ধরা হয়েছে ৪৮ মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় ১৫০০ কোটি টাকারও বেশি)।
এই নতুন খাসাব হাসপাতালে থাকছে ১৬৪টি শয্যা। এটি চালু হলে পুরো মুসান্দাম অঞ্চলের স্বাস্থ্যসেবা অনেক উন্নত হবে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই হাসপাতালটির কাজ পুরোপুরি শেষ হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প ও প্রকৌশল বিভাগের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইউসুফ বিন ইয়াকুব আম্বো আলী বলেছেন, খাসাবের এই হাসপাতালটি মুসান্দাম গভর্নরেটের জন্য একটি বড় উন্নয়নমূলক প্রকল্প। এটি চালু হলে রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা অন্য গভর্নরেটে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
হাসপাতালে থাকবে জরুরি ও দুর্ঘটনা ইউনিট, রেডিওলজি বিভাগ, কিডনি রোগের চিকিৎসার জন্য নেফ্রোলজি ইউনিট, বহির্বিভাগীয় চিকিৎসা, পুনর্বাসন কেন্দ্র, নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ), প্রসূতি ও নবজাতক বিভাগ, ডে সার্জারি ইউনিট, প্রশাসনিক অফিস, সভাকক্ষ, জীবাণুমুক্তকরণ কেন্দ্র এবং অন্যান্য সাধারণ পরিষেবা।
চিকিৎসা সেবার পরিসর বাড়াতে হাসপাতালটিতে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে স্থানীয় মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে এবং দূরের হাসপাতালে যাওয়ার ঝামেলা ও খরচ বাঁচবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


