এবার কলকাতাগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ওড়ার আগেই রক্ষা
উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে উড়ানের ঠিক আগে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। রানওয়েতে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত বাতিল করা হয় ফ্লাইটটি।
রবিবার দুপুরে হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার নেতাজী সুভাস বসু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১৫১১ নম্বর ফ্লাইটটির। ‘টেক অফ’-এর প্রস্তুতির ঠিক আগেই একজন বিমানকর্মী যান্ত্রিক গোলযোগ শনাক্ত করেন।
সতর্কতা অবলম্বন করে পাইলট বিমানটিকে থামিয়ে দেন। ঝুঁকি না নিয়ে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে যাত্রীদের হয়রানির জন্য দুঃখপ্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রা বাতিলকারী যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
ইঞ্জিনিয়ারদের একটি দল বিমানের ত্রুটি খতিয়ে দেখছে। তবে, ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা এখনো স্পষ্টভাবে জানানো হয়নি।
প্রসঙ্গত, মাত্র তিন দিন আগেই, বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এআই-১৭১ ফ্লাইটটি অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরেই ভেঙে পড়ে। ওই বিমানে ২৪২ জন ছিলেন, যার মধ্যে ২৩২ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য ও ২ জন পাইলট। একজন বাদে বাকিদের সকলেই প্রাণ হারান। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবারের ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


