এক লক্ষ হাদিসের হাফেজ আহমেদ ওমর হাসেম আর নেই

বিশ্বপ্রসিদ্ধ হাদিস বিশারদ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মিশরের সিনিয়র আলেম পরিষদের সদস্য অধ্যাপক ড. আহমেদ ওমর হাসেম (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন ।

তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, “আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ নিয়ে আমরা ইসলামি বিশ্ব, প্রিয়জন ও শিক্ষার্থীদের জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় ইমাম ড. আহমেদ ওমর হাসেম আর নেই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

আজ মঙ্গলবার স্থানীয় সময় জোহরের নামাজের পর আল-আজহার মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর শরকিয়া প্রদেশের নিজ গ্রাম বানী আমেরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। আজ গ্রামে শোকসভা এবং বৃহস্পতিবার কায়রোতেও আনুষ্ঠানিক শোকসভা আয়োজন করা হবে।

Travelion – Mobile

ড. আহমেদ ওমর হাসেম ১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করার পর তিনি শিক্ষকতা শুরু করেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। পাশাপাশি জাতীয় সংসদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, শুরা কাউন্সিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

Diamond-Cement-mobile

হাদিস ও ইসলামি গবেষণায় তাঁর অবদান অনন্য। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে “আস-সুন্নাহ আন-নাবাবিয়্যাহ ও উলূমুহা”, “উসুল আল-হাদিস”, “আল-ইসরা ওয়াল-মিরাজ”, “রমাদান ওয়াস-সিয়াম” বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর তত্ত্বাবধানে শত শত মাস্টার্স ও পিএইচডি গবেষণা সম্পন্ন হয়েছে।

১৯৯২ সালে তিনি ‘রাষ্ট্রীয় স্বীকৃতি পুরস্কার’ ও ‘প্রথম শ্রেণির বিজ্ঞান ও কলা পদক’ পান। আন্তর্জাতিক পর্যায়ে তিনি পাকিস্তান, কুয়েত, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বহু দেশে মিশরের প্রতিনিধিত্ব করেছেন।

ইসলামী বিশ্বে তিনি ছিলেন আধুনিক যুগের এক প্রাজ্ঞ আলেম ও চিন্তাবিদ। তাঁর মৃত্যুতে আলেম সমাজ বলছে—জ্ঞান ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!