আমিরাতে আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন বাংলাদেশি অভিক আনোয়ার
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মোটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার।
গতকাল শনিবার দুবাই মোটর সিটিতে অনুষ্ঠিত ‘গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৫–২৬’–এর রাউন্ড ৭ সফলভাবে সম্পন্ন করেন অভিক আনোয়ার। এই রাউন্ডে তিনি রেনল্ট ক্লিও বিভাগে অংশগ্রহণ করেন এবং ১০ প্রতিযোগীর মধ্যে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এর মাধ্যমে অভিক আনোয়ার আনুষ্ঠানিকভাবে রেনল্ট ক্লিও ক্লাস চ্যাম্পিয়ন ২০২৫–২৬ হয়েছেন।
এর পাশাপাশি চ্যাম্পিয়নশিপজুড়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করায় অভিক ওভারঅল ইউএই ট্যুরিং কার চ্যাম্পিয়ন ২০২৫–২৬ হয়েছেন। একজন বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো এই অর্জন।
মোট ৪০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মধ্যে ৩৭৭ পয়েন্ট নিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে অভিক আনোয়ার। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সিম ভোলিকিনের পয়েন্ট ২০৭।
এই চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ভারত, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, হংকং, চীন, ইতালি, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশের মোটর রেস ড্রাইভাররা অংশগ্রহণ করেছেন।
অভিক বলেন, ‘এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের মোটরস্পোর্টস ইতিহাসে একটি বড় মাইলফলক। সীমিত রিসোর্স, কঠিন আবহাওয়া ও তীব্র প্রতিযোগিতার মধ্যেও এই সাফল্য এসেছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।’
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


