ওমানের কেন্দ্রীয় ব্যাংক (CBO) দেশটির মুদ্রা ওমানি রিয়ালের প্রতীক আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এটি সালদানাতের আর্থিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন প্রতীকটি ব্যাংকিং, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাণিজ্যিক ব্যবহারে ব্যবহার হবে, যা স্বচ্ছতা, ধারাবাহিকতা ও মান নিশ্চিত করবে।
ওমানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ বিন জাফর আল-মুসাল্লামি জানিয়েছেন, নতুন প্রতীকটি আন্তর্জাতিক বিনিময়কে আরও সহজ করবে এবং ওমানি রিয়ালের শক্তি ও স্থিতিশীলতার স্বীকৃতিকে আরও দৃঢ় করবে। তিনি বলেন, এটি ওমানের আর্থিক ব্যবস্থার পরিপক্কতা ও অগ্রগতি প্রদর্শন করে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করবে।
নতুন প্রতীকটি কেবল অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি প্রাচীন ওমানি ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার সংমিশ্রণ, যা সালতানাতের বৈচিত্র্যময় মুদ্রা ও সমৃদ্ধ বাণিজ্য ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরে।
ওমানি রিয়াল প্রতীকের এই পদক্ষেপ ওমান ভিশন ২০৪০ এর সঙ্গে খাপ খায়, যেখানে উদ্ভাবন, আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক আর্থিক মানদণ্ডে খাপ খাইয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
গভর্নর এই অর্জনে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, প্রতীকটি ওমানির ঐতিহ্য, সাংস্কৃতিক গভীরতা ও আধুনিক নান্দনিকতার সুন্দর সমন্বয় প্রতিফলিত করছে।


