আগুনের ভুল সতর্কবার্তা : ফ্লাইট থেকে লাফিয়ে পড়লেন যাত্রীরা (ভিডিও)

স্পেনের পালমা দে মালোর্কা বিমানবন্দর থেকে উড্ডয়নের আগমুহূর্তে আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের একটি ফ্লাইটে ভুল আগুন সতর্কবার্তা ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা জরুরি বহির্গমন দরজা দিয়ে বিমান থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে রায়ানএয়ার জানায়, শুক্রবার সন্ধ্যায় পালমা দে মালোর্কা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে অগ্নিকাণ্ডের মিথ্যা সতর্কবার্তা পাওয়া যায়। এতে আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়ো করে বিমান থেকে নামতে গেলে এই আহতের ঘটনা ঘটে।

Travelion – Mobile

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী যাত্রীদের জরুরি নির্গমনপথ দিয়ে বিমান থেকে সরিয়ে আনা হয় এবং পরে তাদের বিমানবন্দরের টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। তবে বাস্তবে বিমানটিতে কোনো আগুন লাগেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

Diamond-Cement-mobile

এই ঘটনায় আহতদের মধ্যে ছয়জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কারো অবস্থা গুরুতর নয় বলে স্থানীয় সংবাদমাধ্যম Diario de Mallorca জানিয়েছে।

রায়ানএয়ার আরও জানায়, যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়। সেই ফ্লাইটটি শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে পালমা থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়।

স্পেনের রাষ্ট্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষ Aena জানায়, ঘটনাটি শুক্রবার রাতে ঘটলেও এতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না এবং বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, স্বল্পমূল্যের এই আইরিশ এয়ারলাইন রায়ানএয়ার ব্রিটিশ পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিশেষত স্পেন, দক্ষিণ ইউরোপের উপকূলীয় অঞ্চল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জগামী পর্যটকদের জন্য এটি অন্যতম পছন্দের বাহন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!